মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন স্থানে কাল বৈশাখী ঝড়ে বিপুল পরিমাণ গাছ পালা, ঘর-বাড়ি ক্ষতি হয়েছে। এ ছাড়া ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টি হওয়ায় উঠতি ফসল ধান, অঙ্কুরিত পাটসহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার সময় পশ্চিম আকাশে হঠাৎ কালো মেঘ জমে শুরু হয় বৃষ্টি। এর পরই শুরু হয় কাল বৈশাখী ঝড়। প্রচণ্ড ঝড়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখ তোলার মাঠ, গাংনী-হাটবোয়ালীয়া সড়কের মালশাদহের মাঠ, রাইপুর মাঠ নামক স্থানে রাস্তার পাশের বড় বড় গাছ উপড়ে পড়েছে। ভেঙ্গে পড়েছে ছোট বড় গাছ পালা। চৌগাছা গ্রামের ভিতর বিপুল পরিমাণ ছোট বড় গাছ পালা ভেঙ্গে পড়ায় অনেকের বাড়ির বিদ্যুতের মিটার উপড়ে পড়েছে।
মালশাদহ, রাইপুর, শিমুলতলা, হাড়িয়াদহ, চৌগাছা, রাইপুর এলাকায় কাঁচা পাকা ও অর্ধপাকা বাড়ি ঘর ভেঙ্গে যাওয়ায় তারা এখন খোলা আকাশের নিচে রয়েছেন।
গাংনী পৌর এলাকার সবজী বাজার এলাকার সুইফার পল্লীর সমস্ত ঘর বাড়ি উড়ে যাওয়ায় ছোট ছোট শিশু ও বৃদ্ধদের নিয়ে তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। অনেকের ঘরের টিন উড়ে গিয়ে গাছের মাথায় ঝুলতে দেখা গেছে। বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় বর্তমানে বিদ্যুৎবিহীন রয়েছে এসব এলাকার মানুষ।
হাড়িয়াদহ গ্রামের গণমাধ্যমকর্মী সাজু জানান, কালবৈশাখী ঝড়ে এ গ্রামের উত্তরপাড়া এলাকার অন্তত ১০-১২ টি বাড়ি উড়ে গেছে। বিশেষ করে নায়েব আলী, হবিবুর রহমান, লাল্টু মিয়াসহ বিভিন্ন ব্যক্তির ঘরবাড়ি ভেঙ্গে গেছে। এছাড়া আম কাঠালের গাছ ভেঙ্গে পড়েছে।
