মেহেরপুরে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১০:২৮
 
মেহেরপুরে কাল বৈশাখী ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও পড়েছে। 
 
সন্ধ্যার দিকে আকাশে কাল মেঘ জমে ঝড়ো হাওয়া শিলাবৃষ্টি শুরু হয়। আধা ঘণ্টার দমকা বাসাতে উড়ে যায় অন্তত তিন শতাধিক ঘরবাড়ির টিনের ছাউনি। মেহেরপুর ও গাংনী শহরের কাঁচা বাজারের কয়েকটি দোকানের টিনের ছাউনি ভেঙ্গে পড়ে। ঝড়ে গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয় ও গাংনী সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাউনি উড়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে গাছপালা। সড়কের পাশের সরকালী গাছের পাশাপাশি বসত বাড়ির বড় বড় গাছ উপড়ে গেছে। ভেঙ্গে পড়েছে ডালপালা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
 
এদিকে কাল বৈশাখী ঝড়ে অন্তত ২০টি বেশি বৈদ্যুতিক খুটি ভেঙ্গে পড়েছে বলে পল্লী বিদ্যুৎ সূত্র জানিয়েছে। বিদ্যুতহীন হয়ে পড়েছে গোটা জেলা।
 
এদিকে গাছপালা ভেঙ্গে পড়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী থেকে গাড়াডোব ও গাংনী-হাটবোয়ালিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা পরে স্থানীয়দের সহায়তায় গাছ সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।