চরভদ্রাসনে ইভটিজিং বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৮:২৪
ইভটিজিং বন্ধের দাবিতে বুধবার বেলা ১২টার দিকে ফরিপুরের চরভদ্রাসনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী।
 
জানা যায়, সদরপুর উপজেলার খাঁ ডাঙ্গীর বাসিন্দা মো. সিরাজের পুত্র রাতিন (১৮) আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। বুধবার স্কুলে আসার পথে ওই যুবক ওই ছাত্রীকে টেনে হিচড়ে পাশের একটি বাড়ির পিছনে নেয়ার চেষ্টা করে। মেয়েটির পেছনে থাকা তার স্কুলের এক সহপাঠি ঘটনাটি দেখে ছেলেটির হাত থেকে মেয়েটিকে উদ্ধার করে বিদ্যালয়ে নিয়ে আসে। পরে ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষক কাজী আবু সেলিমকে জানানো হয় ।
 
স্কুলের প্রধান শিক্ষক বলেন, এই ছেলেটির বিরুদ্ধে এর আগেও একবার অভিযোগ পেয়েছি। ঘটনা শুনে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ওই যুবকের শাস্তির দাবিতে উপজেলা পরিষদের সামনে এসে বিক্ষোভ করে।
 
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা দোষী যুবকের উপযুক্ত বিচার করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা চলে যায়।
 
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ রামপ্রসাদ ভক্ত জানান, দ্রুত ওই যুবককে আটক করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়।