নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে একই পরিবারের পাঁচজনকে হত্যা মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। ঘটনার আড়াই মাস পর বুধবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল খায়ের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ফারুকের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া ভাগ্নে মোহাম্মদ মাহফুজকেই একমাত্র আসামি করা হয়েছে। এম এ খায়ের জানান, মামলায় ৩০ জনকে সাক্ষী করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহূত শিল পাটার পাটাসহ ২৫টি আলামত দেখানো হয়েছে।
গত ১৬ জানুয়ারি রাতে শহরের বাবুরাইল এলাকা থেকে তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোটভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়ার (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন ১৭ জানুয়ারি সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে ভাগ্নে মাহফুজ, ঢাকার কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উলেখ করে তাদেরকে সন্দেহ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন গ্রেফতার করা হয় শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজকে। পরে ২১ জানুয়ারি আদালতে মাহফুজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
