ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন প্রক্রিয়া আরো সহজ করা প্রয়োজন বলে উল্লেখ করেন শিল্পমন্ত্রী নূরুল মজিত মাহমুদ হুমায়ুন। এর ফলে কর্মসংস্থান আরো বৃদ্ধি পাবে এবং মানসম্মত পণ্য উত্পাদন সম্ভব হবে বলে মনে করেন তিনি। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সপ্তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০১৯’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প সচিব মো. আবদুল হালিম। স্থানীয়ভাবে বছর জুড়ে এসকল পণ্যের মেলা ও প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করেন শিল্পমন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশি দূতাবাসসমূহ ও দেশের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্যের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র স্থাপনের সুযোগ করে দিতে হবে।
মেলায় দেশে উত্পাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ২৮০টি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ছয়টি ক্যাটাগরিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের মাঝে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৯’ প্রদান করা হয়। বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা নারী ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জ সদরের নুর নকশী মহিলা জাগরণের স্বত্বাধিকারী তাহারিমা বেগম, পুরুষ ক্যাটাগরিতে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের জনতা ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী মো. ওলি উল্লাহ, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা নারী ক্যাটাগরিতে পাবনার ভাঙ্গুরার এস আর হ্যান্ডিক্রাফটসের স্বত্বাধিকারী সুমনা সুলতানা সাথী, পুরুষ ক্যাটাগরিতে ঢাকার কেরানীগঞ্জের মহিউদ্দিন ইঞ্জিনিয়ার্স এন্ড ট্র্রেডার্সের স্বত্বাধিকারী মহিউদ্দিন, বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা নারী ক্যাটাগরিতে গাজীপুরের কাশিমপুরের কুসুম কলি সু ফ্যাক্টরির স্বত্বাধিকারী নাজমা খাতুন এবং বিশেষ ক্যাটাগরিতে জামালপুরের মুকুন্দবাড়ীর সিড়ি হস্তশিল্পের স্বত্বাধিকারী আরিফা ইয়াসমিন ময়ূরী পুরস্কার লাভ করেন। মেলা আগামী ২২ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে।
