ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমান বিধ্বস্ত হবার পর অনেক বিমান সংস্থা এই উড়োজাহাজটি ওড়ানো বন্ধ করে দিয়েছে। বিশেষজ্ঞদের সন্দেহ এই বিমানের প্রযুক্তিতে কোনো ত্রুটি রয়েছে। যদিও বোয়িং জানিয়েছিল তাদের বিমান পুরোপুরি নিরাপদ। তবে এবার জানানো হয়েছে, বিপর্যয় এড়াতে বিমাননের সফটওয়্যার ডেভেলপ করছে প্রতিষ্ঠানটি।
ডিফেন্সওয়ার্ল্ড নামে একটি অনলাইনের খবরে বলা হয়েছে, পাঁচ মাস আগে লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং একটি ফ্লাইট কন্ট্রোল সফটওয়্যার এনহ্যান্সমেন্ট ডেভেলপ করেছে। মূলত নিরাপদ উড়োজাহাজকে আরো বেশি নিরাপদ করতে এ কাজ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ম্যানভারিং ক্যারেকটারিস্টিকস অগমেন্টেশন সিস্টেম (এমসিএএস) ফ্লাইট কন্ট্রোল ‘ল’, পাইলট ডিসপ্লে, অপারেশন ম্যানুয়াল এবং ক্রুদের প্রশিক্ষণ।
বোয়িং সফটওয়্যার এনহান্সমেন্টের উন্নয়ন, পরিকল্পনা এবং প্রত্যায়নের জন্য ফেডারেল এভিয়েশন প্রশাসন এফএএ’র সঙ্গে কাজ করছে। আসছে কয়েক সপ্তাহের মধ্যে এই প্রযুক্তি ম্যাক্স-৮ এর সব বিমানে যুক্ত করা করবে বোয়িং। ইতিমধ্যে বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের সব বিমান চলাচল স্থগিত করেছে। বোয়িংয়ের প্রেসিডেন্ট ডেনিস মুলেনবার্গ বলেন, আমরা এমন নিরাপত্তামূলক পদক্ষেপ নিতে চাই যেন ভবিষ্যতে দুর্ঘটনা এড়ানো যায়।
