প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার মতিঝিল থানা পুলিশ ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে বিচারক আবু সুফিয়ান মো. নোমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মতিঝিল থানার এসআই নুর আলম গাজী জানান, গ্রেফতারি পরোয়ানা থাকায় মাহফুজাকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত সূত্র জানায়, পুলিশের পক্ষ থেকে কিরণকে কারাগারে রাখার আবেদন জানানো হয়। তবে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামি কিরণকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স গত ১২ মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কিরণের বিরুদ্ধে একটি মানহানি মামলা করেন। ওই মামলায় আমলে নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরাফুজ্জামান আনসারী কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার এজাহারে বলা হয়, ‘গত ৮ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল সংগঠকদের মানহানির উদ্দেশ্যে বক্তব্য দেন মাহফুজা আক্তার কিরণ। যা বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশ হয়।
