চরভদ্রাসন ইউপি নির্বাচনের মনোনয়ন দাখিল সম্পন্ন

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৪:০৩
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ৪র্থ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে ৭ এপ্রিল বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ধার্য ছিল। এ বছর উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৪০ জন ও সাধারণ সদস্য পদে ১২৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসার মো. খোরশেদ আলম ও উপজেলা রিটার্নিং অফিসার মো. আবুল খায়েরের কাছে মনোনয়ন পত্র  জমা দেন প্রার্থীরা।
 
জানা গেছে, আগামী ১১ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই এর শেষ দিন ও ৭ মে নির্বাচন সম্পন্ন হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে ৩নং চরভদ্রাসন ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আজাদ খান, বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র আব্দুস ছাত্তার মাস্টার, মো. আবুল খায়ের, সিরাজুল ইসলাম ও দীপক চন্দ্র কাপাশিয়া।
 
এছাড়া সংরক্ষিত সদস্য ১১ জন ও সাধারণ সদস্য ৩৫ জন। ১ নং চরহরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আবুল কাশেম ফকির, বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান কেএম ওবায়দুল বারী দীপু, স্বতন্ত্র প্রার্থীরা হলেন, মো. জুলহাস শিকদার, মো. ফরিদ মোল্যা, মো. আমির হোসেন খান ও সেখ আলম। সংরক্ষিত সদস্য ১২ জন ও সাধারণ সদস্য ৩৭ জন। ৪নং গাজিরটেক ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়মী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক মাস্টার, বিএনপি প্রার্থী মো. কুদ্দুস আলী, স্বতন্ত্র প্রার্থীরা হলেন, মো. ইয়াকুব আলী, মো. ফরহাদ হোসেন, মো. কবিরুল আলম, মো. চুন্নু হোসেন, মো. আলামিন ও মো. হুমায়ুন কবীর। সংরক্ষিত সদস্য ১০ ও সাধারণ সদস্য ৩৫ জন। চরঝাউকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মৃধা ও স্বতন্ত্র প্রার্থী মো. বজলু মৃধা মোননয়ন পত্র দাখিল করেন।এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য সাতজন ও সাধারণ সদস্য পদে ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।