২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৫-১৬ সালের মৌসুম। দর্শক আগ্রহ বাড়াতে এবার লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো হবে দিবারাত্রির। এছাড়া ডিপিএলের ফাইনালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচগুলো টিভিতে দেখানোর চিন্তা ভাবনা করছে কমিটি। বৃহস্পতিবার লিগের আয়োজক কমিটির সিসিডিএম প্রধান গাজী গোলাম মুর্তজা সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের ম্যাচগুলো দিবারাত্রির হবে। দেশের এক নম্বর ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় দর্শকদের আগ্রহ বাড়াতেই মূলত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মিরপুরে এবং ফতুল্লায় হবে ম্যাচগুলো। সুপার লিগের ম্যাচগুলো টিভিতে দেখানোরও চিন্তা করছি আমরা।’
তিনি আরো বলেন, ‘এখন থেকে খেলোয়াড়দের দলবদলের জন্য প্লেয়ার বাই চয়েস পদ্ধতিই রেখে দেয়ার চেষ্টা করা হবে। তবে ক্লাবগুলো আপত্তি করলে অন্য কিছু ভাবা হবে।’
ডিপিএলে অংশ নিচ্ছে মোট ১২টি দল। দলগুলো হলো- প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রিকেট একাডেমি, কলাবাগান ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, ধানমন্ডি শেখ জামাল, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং প্রথম বিভাগ ক্রিকেট থেকে উঠে আসা ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ও গাজী ট্যাংক ক্রিকেটার্স।
