সুনামগঞ্জে চার লোককবি স্মরণে চারদিনব্যাপী লোকউৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাধারমণ দত্ত, হাছনরাজা, শাহ আব্দুল করিম ও দূর্ব্বীণ শাহ স্মরণে এ উৎসব শুরু হয়।
প্রথমদিনের আয়োজনে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন, ছাতক লাফার্জ সুরমা সিমেন্টের চীফ ফিন্যান্স অফিসার মিরাজ আখনি, সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ দীন, শুভেন্দু ইমাম, বাউল সম্্রাট শাহ আব্দুল করিমের পুত্র শাহ নূর জালাল।
বক্তারা বলেন, বাউলদের গানে মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ফুটে উঠে। শাহ আব্দুল করিমও তার বাতিক্রম নন। উদার ছিল তার মন। বহুরূপী বৈচিত্র ছিল তার অমর সৃষ্টি গানে। বাউল শাহ আব্দুল করিমের দর্শন প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিকভাবে গবেষণা করতে হবে।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদীন।
পরে চারদিনব্যাপী লোক উৎসবের স্মারকের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। লোকউৎসব চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। অনুষ্ঠান হবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা।
