ডেমরায় গৃহকর্মীর লাশ উদ্ধার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ০৮:৫৪
 
ডেমরায় ইয়াসমিন আক্তার (১৭) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ডেমরার পূর্ব বক্সনগর এলাকার মো. রেজাউল করিম পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে। ইয়াসমিন শেরপুর জেলার নালিতাবাড়ি থানার ছালাতলী গ্রামের মো. ইব্রাহিমের মেয়ে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পাটোয়ারী পরিবারের সবাই দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে ইয়াসমিনকে বাসায় রেখে ডেমরার পাইটি এলাকায় চলে যায়। পরে সন্ধ্যায় বাড়িতে এসে পাটোয়ারীর স্ত্রী তালা খুলে ঘরে প্রবেশ করে ইয়াসমিনকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
 
ডেমরা থানার ওসি (তদন্ত) মো. সেলিম জানান, ইয়াসমিনের আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আসল ঘটনা বেরিয়ে আসবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।