আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা যাবে, এমন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। নতুন ধরনের এই ইঞ্জিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পরমাণবিক বোমা হামলার ক্ষমতা ‘নিশ্চিত’ করবে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।
বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়া পশ্চিম উপকূলে দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষাগারে দূর পাল্লার রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানো হয়। ওই সময় সেখানে ছিলেন উত্তর কোরীয় নেতা কিম জং-উন। বিশেষ ইঞ্জিন চালানোর প্রচণ্ড শব্দ হয় এবং এটি থেকে তীব্র বেগে আগুন নির্গত হয়।
কয়েক মাস ধরেই বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও বোমার পরীক্ষা চালিয়ে আসছে উত্তর কোরিয়া। সর্বশেষ দূর পাল্লার রকেট ইঞ্জিন পরীক্ষার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেছেন, ওই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করে এমন কর্মকাণ্ড থেকে উত্তর কোরিয়াকে সরে আসতে হবে। প্রতিশ্রুত এবং আন্তর্জাতিক নির্দেশ মেনে দেশটিকে পদক্ষেপ নিতে হবে। বিবিসি।
