মাঠে গড়াচ্ছে নবম আইপিএল

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৬:১৬
আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম আসর। উদ্বোধনী দিনে রয়েছে একটি খেলা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও নয়া দল রাইজিং পুনে সুপারজায়ান্টস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
 
টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মাঠে নামবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ঐ ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস। সাকিব ছাড়াও বাংলাদেশের হয়ে এবারের আসরে খেলছেন কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলবেন মুস্তাফিজুর।
 
গত আসর শেষেই বিভিন্ন কেলেঙ্কারির গুঞ্জন শোনা যাচ্ছিলো। অবশেষে গত বছরের শেষের দিকে গুঞ্জনের সত্যতা মিলে। জুয়া-কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে নিষিদ্ধ করে আইপিএল কর্তৃপক্ষ। ফলে দু’বছরের জন্য নিষিদ্ধ হয় দল দুটি। চেন্নাই-রাজস্থানের পরিবর্তে নবম আসরে অংশ নিবে রাইজিং পুনে সুপারজায়ান্টস ও রাজকোটের দল গুজরাট লায়ন্স। নবম ও দশম আসরের জন্য দল দুটির স্বত্ব বিক্রি করা হয়েছে। ১৬ কোটি রুপি দিয়ে পুনের মালিকানা কিনেছেন গোয়েঙ্কা গ্রুপের প্রতিষ্ঠান নিউ রাইজিং। আর ১০ কোটি রুপি দিয়ে রাজকোটের মালিকানা কিনে নেয় মোবাইল প্রস্তুতকারক কোম্পানি ইনটেক্স।
 
আইপিএলে নিজেদের অন্তর্ভুক্তি নিশ্চিত করে দল গোছাতে নিলামের কাজও সেরে ফেলে রাইজিং পুনে ও গুজরাট লায়ন্স। মূলত নিষিদ্ধ দু’দল চেন্নাই ও রাজস্থান থেকেই বেশিরভাগ খেলোয়াড় দলে ভিড়িয়েছে তারা।
 
তারকাদের মধ্যে রাইজিং দলে ভিড়িয়েছে ভারত ও সাবেক দল চেন্নাইয়ের দলপতি মহেন্দ্র সিং ধোনিকে। দলে আরো আছেন রবীচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠান, আজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা, আরপি সিং, দক্ষিণ আফ্রিকার ফাফ-ডু-প্লেসিস, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, দুক্ষণ আফ্রিকার আলবি মরকেল, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও ইংল্যান্ডের কেভিন পিটারসেন।
 
আর গুজরাট লায়ন্সের অধিনায়কত্ব করবেন সুরেশ রায়না। তার সর্তীথ হিসেবে থাকবেন রবীন্দ্র জাদেজা, দীনেশ কার্তিক, টি-২০ বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ডোয়াইন ব্রাভো, ডোয়াইন স্মিথ, অস্ট্রেলিয়ার জেমস ফকনার-অ্যারন ফিঞ্চ, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।
উদ্বোধনী ম্যাচে ধোনির নেতৃত্বাধীন দলটি মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের। গত আসরে বাজেভাবে শুরু করেও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয় মুম্বাই।
তাই এবারও দলটির মূল লক্ষ্য শিরোপা ধরে রাখা, এমনটা জানালেন মুম্বাই দলপতি রোহিত, ‘সেরা দল হিসেবেই গতবার শিরোপা জিতেছিলাম আমরা। এবারও আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। শিরোপা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। তবে অনেক লম্বা টুর্নামেন্ট। ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে আমাদের। শুরুটা ভালোভাবে করতে চাই। শুরুটা ভালো হলে পরের ম্যাচগুলোতে চাপ কম থাকবে।’
 
প্রথম ম্যাচের আগে শিরোপা নিয়ে কোনো কথাই বলেননি নয়া রাইজিং পুনের দলপতি ধোনি, ‘সেরা হওয়ার লক্ষ্য তো সবারই থাকে। আমাদেরও আছে। তবে নতুন দল নিয়ে আগেভাগে কিছুই বলা যাচ্ছে না। কয়েকটা ম্যাচ গেলেই বুঝা যাবে। এই দলটি বেশ ভালো। লোকাল ও বিদেশি খেলোয়াড়ও ভালো আছে আমাদের। যে কোনো দলকে হারানোর মত সামর্থ্য রয়েছে এই দলের।’ আগামী ২৯ মে মুম্বাইয়ের ওয়াংখেড়েতেই অনুষ্ঠিত হবে নবম আইপিএলের ফাইনাল।