কেএফসি স্বাধীনতা কাপ ফুটবলে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তরা বারিধারাকে ১-০ গোলে হারায় তারা। তবে গোলটি ছিল বারিধারার মুনির আলমের আত্মঘাতী।
শনিবার বিকাল সাড়ে চারটায় ‘এ’ গ্রুপের খেলায় মুখোমুখি হয়েছিল দলদুটি। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে ৯ পয়েন্ট পেয়ে গ্রুপে শীর্ষে রয়েছে শেখ জামাল।ম্যাচের শুরু থেকেই শেখ জামালের খেলা ছিল এলোমেলো। মাঝমাঠের ব্যর্থতায় দলটির ফরোয়ার্ড এমেকা ডারলিংটন, ওয়েডসেন আনসেলমে ও মোহাম্মদ শিহাব প্রতিপক্ষের ওপর তেমন কোনো চাপ তৈরি করতে পারেননি।
তবে ২০তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে বসে বারিধারার ডিফেন্ডার মুনির। তার হেডটি ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন বারিধারার গোলরক্ষক মোহাম্মদ এরশাদ।
বিরতির আগে বেশ ভালো একটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি বারিধারা। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দলটি। বিরতি থেকে ফিরে এসে গোল পাওয়ার চেষ্টা করেছিল দুই দলই। কিন্তু শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় শেখ জামালকে।
এর ফলে টানা তৃতীয় জয় পেল শেখ জামাল। আর তিনটি হারের লজ্জা পেল বারিধারা।
