খালিয়াজুরীতে হুমকির মুখে ফসল রক্ষা বাধ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ২২:২৭
বৃষ্টি ও পাহাড়ী ঢলে ধনু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় খালিয়াজুরীর উপজেলার অনেক ফসল রক্ষা বাধ হুমকির মধ্যে পড়েছে। ইতিমধ্যে চারটি ফসল রক্ষা বাধের নিচু অংশ দিয়ে ফসলি জমিতে পানি ঢুকতে শুরু করেছে। ফলে এলাকার কৃষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 
জানা গেছে, প্রতিবছর খালিয়াজুরীর ছোট ছোট ফসল রক্ষা বাধ ইউনিয়ন পরিষদের তত্ত্বধানে মেরামত করা হয়। কিন্তু চলতি বছরে ইউপি নির্বাচনসহ নানা অজুহাতে বাধগুলোর মেরামত শুরু হয়নি।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান (অতিরিক্ত দায়িত্বে) জানান, কাবিখার আওতায় ৫৬ মেট্রিক চাল বরাদ্দ হয়েছে। এপ্রিলের শেষ নাগাদ এসব কাজ শুরু হতে পারে। কিন্তু  ইতিমধ্যে লক্ষীপুর বাধ, মৈলখাতা বাধ, বয়রার বাধ এবং নামা চুনাইর বাধের নিচু অংশ দিয়ে জমিতে পানি ঢুকতে শুরু করেছে। চলতি সপ্তাহের মধ্যে বাধগুলোতে মাটি ভরাট না করলে এসব বরাদ্দ এলাকাবাসীর কোন কাজে লাগবে না। উপরন্ত অনেক হাওরের ফসল তলিয়ে যাবে। শনিবার খালিয়াজুরি সদর মসজিদের মাইক দিয়ে বাধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে।
 
এদিকে ধুন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বড় বড় বাধগুলোর মধ্যে মায়েরচর, ঝালখালি, সতিয়া, কীর্ত্তনখোলা, কৃষ্টপুর, পাইয়া, গঙ্গাবদর, চেলা, বাগানি বাধ হুমকির মধ্যে রয়েছে। স্থানীয় কৃষকরা জানান, আর দুই ফুট পানি বাড়লে ফসল রক্ষা করা যাবে না।
 
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশিমোহন সরকার জানান, পাউবোর আওতাধীন এসব বাধ নিয়মিত পর্যবেক্ষণসহ মাটি ভরাট করা হচ্ছে।