নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৫:০১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার সকাল ১০টায় কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করবেন। কারাগারটি এশিয়ার সর্বাধুনিক ও বৃহত্তম মডেল কারাগার। নতুন এ কারাগারটির নাম দেয়া হয়েছে ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ’। ৪ হাজার ৫৯০ জন বন্দীকে রাখার জন্য এ কারাগারটি নির্মাণ করা হয়েছে।
 
প্রায় সোয়া ২শত বছর পর ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে  স্থানান্তরিত করা হচ্ছে কেন্দ্রীয় কারাগারটি। একই সাথে বদলে যাচ্ছে কারা স্থাপনার লাল রং বা ঐতিহ্যবাহী সেই লাল দালান বর্তমানে আধুনিক এ কারাগারটির দেয়ালের রং সাদা করা হয়েছে। প্রাথমিকভাবে নব নির্মিত এ কারাগারে শুধু পুরুষ বন্দীদের রাখা হবে। পাশে নতুন একটি মহিলা কারাগার নির্মাণাধীন রয়েছে।
 
বর্তমানে পুরনো ঢাকার নাজিমউদ্দীন রোডে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নতুন কারাগারটির দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। নতুন কারাগার উদ্বোধনের পরই কারা কর্তৃপক্ষ ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা প্রায় ৮ হাজার বন্দীকে  স্থানান্তরের কাজ শুরু করবেন। বিশ্বের আধুনিক সকল কারাগারের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন কারাগারটি নির্মাণ করা হয়েছে।
 
মোট ১৯৪ দশমিক ৪১ একর জমির ওপর এ কারাগারটি অবস্থিত। সেখানে মোট ৩টি কারাগার নির্মাণ করা হবে। এর মধ্যে পুরুষ কারাগার ২টি আর মহিলা কারাগার ১টি। মহিলা কারাগারে ২শ’ বন্দীকে রাখা যাবে। প্রতিটি পুরুষ কারাগার ৩১ একর জমিতে তৈরি করা হচ্ছে। আর মহিলা কারাগারটি তৈরি হবে ১১ একর জমির ওপর। ২০০৬ সালের একনেকে এ কারাগারটি নির্মাণের সিদ্ধান্ত হয়।
 

নতুন এ কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কারাগারের চারপাশে ১৮ ফুট উচ্চতার বিশেষ প্যারামিটার দেয়াল তৈরি করা হয়েছে। এর উপরে রেক্টিফাইড ক্যাবল দিয়ে কমপক্ষে ৬ ফুট উঁচু করে ঘিরে রাখা হয়েছে।