গত শুক্রবারে আটক হওয়া প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন মোহাম্মদ আবরিনিই ব্রাসেলস বিমান বন্দরের বেঁচে যাওয়া হামলাকারী। বেলজিয়ামের প্রসিকিউটরদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এই কথা।
বেলজিয়ামের বিমানবন্দরে হামলার আগে সিসিটিভি ফুটেজে তিন ব্যক্তিকে দেখা যায়। সেখানের দুইজন আত্মঘাতী হামলায় নিহত হয়েছে। হ্যাট পরিহিত একজনকে দেখা যায় বের হয়ে যাচ্ছে বিমানবন্দর থেকে। মোহাম্মদ আবরিনিই সেই হ্যাট পরিহিত সন্দেহভাজন বলে জানিয়েছে বেলজিয়ামের প্রসিকিউটররা। শুক্রবারে বেলজিয়ামে ছয় ব্যক্তির সঙ্গে আটক হয়েছেন আবরিনি। এদের মধ্যে চার জনের বিরুদ্ধে জঙ্গি হামলার অভিযোগ তোলা হয়েছে।
২২ মার্চ ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দর ও মেট্রো স্টেশনে হামলায় ৩২ জন নিহত হয়েছে। আবরিনির বিরুদ্ধে গত বছর নভেম্বরে হওয়া প্যারিস হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। কর্মকর্তারা ধারণা করছেন প্যারিস ও ব্রাসেলসে হামলাকারীরা তথাকথিত ইসলামিক স্টেট সমর্থিত একই নেটওয়ার্কের।
৩১ বছর বয়সী মরক্কো বংশোদ্ভূত আবরিনির সামনে প্রমাণ উত্থাপন করার পরে তিনি স্বীকার করেন যে সাদা হ্যাট পরিহিত ব্যক্তিটি তিনিই। বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর এক বিবৃতিতে বলেন, সে বলেছে হামলার পরে জ্যাকেটটি ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে এবং হ্যাটটি বিক্রি করে দিয়েছে।
এর আগে আবরিনির ডিএনএ ও ফিঙ্গারপ্রিন্ট ব্রাসেলসের আইএস এর একটি সেফহাউসে এবং প্যারিস হামলায় ব্যবহৃত একটি গাড়িতে পাওয়া গিয়েছিল। শনিবার অভিযুক্ত অন্য তিন ব্যক্তি হচ্ছেন ওসামা কে, হার্ভ বিএন ও বিল্লাল ইএম। এই তিনজন ব্রাসেলস হামলার সঙ্গে যুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আটক হওয়া অন্য দুইজনকে ছেড়ে দেয়া হয়েছে। বিবিসি।
