সাভারের আশুলিয়ায় রিনা আক্তার (২৬) নামের এক গৃহবধূকে গলায় ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বিরুদ্ধে। রবিবার দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকার সোহেল রানার বাগান বাড়ির একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে।
পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই গৃহবধূর স্বামী।
রিনা আক্তার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বাড়টি এলাকার ফজুল মিয়ার মেয়ে। পালিয়ে যাওয়া নিহতের স্বামীর নাম মিজানুর। তিনি সাভার এএনজেল টেক্সটাইল লিমিটেডের এমডির গাড়ির চালক বলে জানা গেছে।
পুলিশ জানায়, সকালে ওই গৃহবধূর স্বামী মিজানুর বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় বাগানবাড়ির নিরাপত্তা কর্মী আইয়ূব আলীর নিকট গৃহবধূকে গালাগাল ও অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে বের হয়ে যান। এরপর ওই নিরাপত্তা কর্মীর সন্দেহ হলে বাসার ভিতরে গিয়ে দেখতে পায় মেঝেতে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূর মরদেহ পড়ে আছে। নিরাপত্তা কর্মী বাগানবাড়ির মালিক সোহেল রানাকে বিষয়টি অবগত করলে তিনি বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে গলায় ছুরিকাঘাত করে খুন করার পর পালিয়ে গেছে স্বামী মিজানুর।
