বিশ্ব টি টোয়েন্টি ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকায় রিভিউ প্যানেল

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৪:৪৫
সদ্য সমাপ্ত বিশ্ব টি টোয়েন্টিতে জাতীয় দলের বাজে পারফরমেন্সের কারণ খতিয়ে দেখার জন্য একটি স্বতন্ত্র রিভিউ কমিটি নিয়োগ দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
 
এ সম্পর্কে সিএসএ প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে বাজে পারফরমেন্সের কারণে বিশ্ব টি টোয়েন্টি ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে আমরা বাদ পড়েছি, যা কোনভাবেই মেনে নেয়া যায়না। এ কারণেই বিভিন্ন দলের ব্যর্থতার কারণ খুঁজে বের করার জন্য আমাদের হাতে এর বিকল্প কিছু ছিল না। 
 
চার সদস্যের রিভিউ কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সিএসএ ইন্ডিপেনডেন্ট ডাইরেক্টর ও হিউম্যান রিসোর্স কমিটির চেয়ারপার্সন ডন মোখোবোকে। প্যানেলের অন্য সদস্যরা হলেন সাবেক প্রোটিয়া খেলোয়াড় অ্যাডাম বাচার, ফ্র্যানকোয়িস পিয়েনার ও ১৯৯৫ সালের বিশ্বকাপ জয়ী বিশ্বখ্যাত রাগবি খেলোয়াড় ড. রস টাকার। 
 
লরগাত জানিয়েছেন টোয়েন্টি২০ বিশ্বকাপে দলের পারফরমেন্স একেবারেই প্রত্যাশা মাফিক হয়নি। আর তাই একটি রিভিউ প্যানেল গঠনের মাধ্যমে পুনরায় কিভাবে দলকে আগের অবস্থানে ফিরিয়ে আনা যায় সেটাই আমাদের মূল লক্ষ্য। যত দ্রুত সম্ভব বাস্তবিক অর্থেই আমরা এটা নিয়ে কাজ শুরু করবো। 
 
তবে এই গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে আমরা কোন ডেডলাইন দিতে চাইনা। ভবিষ্যতে বোর্ড কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণের আগে যেন রিভিউ প্যানেল তাদের রিপোর্ট জমা দিতে পারে সেটাই এখন গুরুত্বপূর্ণ।