ব্রাসেলস নয় বরং ফ্রান্সে নতুন করে হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে ব্রাসেলস হামলায় জড়িত এক সন্দেহভাজন জানিয়েছেন।
বেলজিয়ামের রাজধানীতে সিরিজ হামলায় জড়িত সন্দেহে জীবিত আটক মোহাম্মদ আবরিনি বলেছে, প্যারিস হামলার অন্যতম পরিকল্পনাকারী সালাহ আব্দেসলাম গ্রেফতার হওয়ার পর তারা তড়িঘড়ি করে পরিকল্পনা পরিবর্তন করে ব্রাসেলসের বিমানবন্দর ও টিউব স্টেশনে হামলা চালায়।
স্বীকারোক্তি দেয়া এই হামলাকারী আরো জানায়, বিমানবন্দরে তৃতীয় বোমাটি বিস্ফোরণ করা তার দায়িত্ব ছিল। তবে সে বিস্ফোরণ না ঘটিয়েই দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে।
গত ১৩ নভেম্বর প্যারিসে বন্দুক ও বোমা হামলা চালিয়ে ১৩০ জনকে হত্যা করে জঙ্গিরা। প্যারিস হামলার সন্দেহভাজনদের ধরতে বেলজিয়ামজুড়ে অভিযানের মধ্যেই ২২ মার্চ ব্রাসেলসে জঙ্গি হামলায় ৩২ জন নিহত হন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দুটি হামলারই দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
