মনোহরগঞ্জে মনোনয়নপত্র ছিনতাই ঘটনায় ১টি ইউপির নির্বাচন স্থগিত

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ২২:৫৪
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউপির নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ছাত্রলীগ নেতা কর্তৃক মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫নং ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত এক ফ্যাক্স বার্তার বরাত দিয়ে আজ রবিবার রাত সাড়ে ৮টায় জেলা নির্বাচন কর্মকর্তা মো.রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়ে কর্মকর্তাকে মারধর করে ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ৩ প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান (শাহীন জিয়া) ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম.এইচ নোমান এ ঘটনার নেতৃত্ব দেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ছাত্রলীগ নেতা নোমান ওই প্রার্থীর শ্যালক। পরে ওইদিন রাতে ছাত্রলীগ নেতা নোমানকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে এ ঘটনায় গত শুক্রবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.নাজির হোসেন মিয়া বাদী হয়ে এম.এইচ নোমানকে প্রধান আসামি করে ৪জনের বিরুদ্ধে মনোহগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো.রাশেদুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। তিনি জানান, ওই ইউনিয়নে নির্বাচনের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন। উল্লেখ্য আগামী ৭ মে ওই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল।