বিশ্বকাপ শেষে জাতীয় দলের ক্রিকেটাররা এখন সবাই ছুটিতে রয়েছেন। পরিবারের সঙ্গে সবাই সময় কাটাতে ব্যস্ত। এই সময়টা কেউ বাড়িতে পার করছেন। আবার কেউ কেউ বেরিয়েছেন ঘুরতে।
টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা পরিবার সহ বেড়াতে গেছেন কাশ্মীর। মাশরাফির সঙ্গে রয়েছে তাঁর স্ত্রী, দুই সন্তান, বাবা-মা, ছোট ভাই, কাছের এক বন্ধু ও বাসার গৃহকর্মী। রবিবার কাশ্মীরের সোনামার্গে ছিলেন তিনি। সেখানে তিনি কিছু তরুণের সঙ্গে ক্রিকেট খেলেন।
জানা গেছে কুলানের কাছে একটি ক্রিকেট মাঠের পাশ দিয়ে যাওয়ার সময়ে মাশরাফি গাড়ি থামিয়ে সেখানে ক্রিকেট খেলতে থাকা কিছু তরুণের সঙ্গে কথা বলেন। কাশ্মীরের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, খেলোয়াড়রা বাংলাদেশ দলপতিকে পেয়ে খুশি এমনকি খেলোয়াড়দের কিছু টিপসও দিয়েছেন মাশরাফি।
ওই মাঠের খেলোয়াড়রা ভারতের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় পরাজয়ের বিষয়েও জিজ্ঞাসা করে। জবাবে মাশরাফি তাদের বলেছেন, হার খেলার একটি অংশ এবং আমরা কখনো ম্যাচটি হারতে চাইনি। পরাজয়ের পরে আমরা অনেক ভেঙ্গে পড়েছিলাম। আমরা ক্রিকেটাররা কেউ ওইদিন রাতের খাবার খাইনি।
