গত ১০ দিন থেকে সিলেট নগরীর অধিকাংশ এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে ওই সব এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে, পানি সরবরাহের দাবিতে সোমবার দুপুরে নগরীর ৬টি পানি পাম্পে তালা দেয় স্থানীয় জনতা।
নগরীর রায়নগর, দর্জিবন্দ, ঝেরঝেরিপাড়া, কাজিটুলা, লাক্কাতুড়া, টিলাগড়, টিভি গেইট, শাহী ঈদগাহ, ঝর্ণারপাড়, রাজবাড়ি, সোনাপাড়াসহ বিভিন্ন এলাকায় পানি সরবরাহ দিচ্ছে না সিসিক। ফলে ওই সব এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে দূর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
শাহী ঈদগার বাসিন্দারা জানান, ১০ দিন থেকে তাদের এলাকায় পানি নেই। তাই তারা দুপুরের দিকে নগরীর শাহী ঈদগাহ, শাহ মিরাজ, কাজিটুলা, লাক্কাতুড়া, টিভি গেটে দুইসহ মোট ৬টি পানি পাম্পে তালা দিয়েছেন তারা।
এ ব্যাপারে সিসিকের পানি শাখার প্রকৌশলী আলী আহমদ জানান, বিদ্যুৎ বিভ্রাট বেড়ে যাওয়ায় সিটি করপোরেশন পরিচালিত নলকূপ ও পাম্পগুলো ঠিকমতো সচল রাখা সম্ভব হচ্ছে না। ফলে পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
