কাজীপুর উপজেলায় অসময়ে যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। নদীর ভাঙনে জমিজমা ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বাওইখোলা, শুভগাছা, বাহুকাসহ ৬/৭টি গ্রামে নদীর ভাঙন শুরু হয়েছে। নদীর ভাঙনে গত ৭/৮দিনে ২১টি পরিবারের ঘরবাড়ি এবং অন্তত ৫০ হেক্টর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
নদীর ভাঙনে ঝুঁকিতে পড়েছে চরবাহুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য বাড়িঘর, মসজিদ, সরকারি-বেসরকারি স্থাপনা। শুভগাছা ইউনিয়নের যুবলীগ সম্পাদক লিটন অধিকারি জানান,গত ৮/৯ দিনে ভাঙন এতটাই বেড়েছে যে, এই ভাঙন প্রতিহত না করলে বাহুকা এলাকায় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন নদীতীর সংরক্ষণ প্রকল্প মারাত্মক ঝুঁকির কবলে পড়বে।
