শ্রীলঙ্কায় নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। যাতে অরবিন্দ ডি সিলভার জায়গায় আবারো প্রধান নির্বাচকের চেয়ারে বসছেন দলের সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া।
এর আগে ২০১৩ সাল থেকে দুই বছর নির্বাচকের দায়িত্ব পালন করে গত এপ্রিলে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন সাবেক লঙ্কান বাঁহাতি জয়াসুরিয়া। এবার নতুন করে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পাচ্ছেন তিনি। আগেরবার জয়াসুরিয়া প্রধান নির্বাচক থাকাকালীন টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছিল লঙ্কানরা; অ্যাঞ্জেলো ম্যাথুজকে অধিনায়কত্বে এনেছিল সেই কমিটি। যে বিষয়গুলো প্রশংসিত হয়েছিল বলেই আবারো দায়িত্বে আসছেন তিনি।
নির্বাচক কমিটিতে সঙ্গী হিসেবে সাবেক লঙ্কান ব্যাটসম্যান রমেশ কালুভিথারানা ও অফস্পিনার রঞ্জিত মাদুরাসিংহেকে পাচ্ছেন জয়াসুরিয়া। সাবেক পেসার এরিক উপাশান্থারও কমিটিতে থাকার বিষয়টি আলোচিত হচ্ছে।
