ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন বিক্ষোভকারী নিহত হওয়ার পর সেখানে কারফিউ জারি করা হয়েছে। হান্ডওয়ারা, যেখানে এই গুলির ঘটনা ঘটে সেখানে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
সেনা সদস্যের দ্বারা স্থানীয় এক কিশোরী মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ চলার সময় সেনাবাহিনীর গুলিতে তিন জন নিহত হন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় সেনা সদস্যরা। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। গুলিতে আরো পাঁচজন আহত হয় তখন।
বিক্ষোভকারীদের ওপর গুলির প্রতিবাদে সহিংস বিক্ষোভ দমন করতে হান্ডওয়ারা ও শ্রীনগরে কারফিউ জারি করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশকে গুলির ঘটনা তদন্তে নির্দেশ দেয়া হয়েছে। সূত্র: বিবিসি
