যাত্রী হয়রানির অভিযোগে ফ্লাই দুবাইয়ের ৪ কর্মকর্তার জরিমানা

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৪:১১
 
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকটগামী এক যাত্রীকে হয়রানির অভিযোগে ফ্লাই দুবাইয়ের চার কর্মকর্তাকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত থেকে টানা ২০ ঘণ্টা শুনানি শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ এ সাজার রায় দেন।
 
আসন না থাকার পরও মো. ইব্রাহিম নামে এক যাত্রীকে বিমানে তুলে পরে নামিয়ে দেয়া এবং ১০ ঘণ্টা বসিয়ে রেখে তাকে গন্তব্যে পৌঁছে দিতে অস্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের এই সাজা। ম্যাজিস্ট্রেট ইউসুফ বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা করা হয়েছে।’
 
এর মধ্যে ফ্লাই দুবাইয়ের শাহজালাল বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সেলিম মোবাশ্বের, সিকিউরিটি ম্যানেজার গোলাম রব্বানি, ট্রাফিক অফিসার ফেরদৌস আলমকে ২ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আর ট্রাফিক অফিসার আসিফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ম্যাজিস্ট্রেট।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে ইব্রাহিমকে নামিয়ে দেওয়া হয়। ফ্লাই দুবাইয়ের ক্যাপ্টেন বিমানটি বোর্ডিং ব্রিজে না নিয়ে মাঠে পার্ক করেন। এরপর জরুরি ভিত্তিতে এক কর্মকর্তাকে খবর দেন। এয়ারলাইন্স কর্মকর্তা গিয়ে দেখেন বিমানে ১৮৯টি আসন থাকলেও যাত্রী রয়েছেন ১৯০ জন। এর মধ্যে হাসান নামের এক যাত্রী দাঁড়িয়ে ছিলেন।

খবর বিডিনিউজের।