ম্যাককালামের মতো অধিনায়ক হতে চান উইলিয়ামসন

আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১১:২৯
 
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করেছেন উইলিয়ামসন। তিন ধরনের ক্রিকেটে ২৬৯২ রান এসেছে তার ব্যাট থেকে। গড় ছিল ৬৫.৬৫। স্ট্রাইক রেট ৭৫.৩৪। এমন চোখ জুড়ানো পারফরমেন্সেই উইজডেনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন তিনি। এমন সম্মান পেয়ে বেশ খুশি উইলিয়ামসন।
 
পারফরমেন্সে ও উইজডেনের পুরস্কার চলমান আইপিএলে ভালো খেলতে সহায়তা করবে বলে মনে করেন মুস্তাফিজুর রহমানের সতীর্থ উইলিয়ামসন, ‘উইজডেনের সম্মান পাওয়া অনেক বড় বিষয়। বাঘা বাঘা খেলোয়াড়রা এর আগে এমন সম্মানজনক পুরস্কার জিতেছেন। তাদের পাশে নাম ওঠায় আমি সত্যি গর্বিত। এমন অর্জন ভবিষ্যতে ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে। আইপিএলে দলের জন্য ভালো কিছু করার লক্ষ্য থাকবে।’
 
আইপিএল প্রসঙ্গ নিজেই তুলেছেন উইলিয়ামসন। তাই তার কাছে প্রশ্নকর্তার প্রশ্ন ছিল, ‘এবারের আসরে ভালো করবে কোন খেলোয়াড়?’ এমন প্রশ্নের উত্তরটা সোজাসাপ্টাভাবেই দিয়েছেন উইলিয়ামসন, ‘আন্তর্জাতিক অঙ্গনের অনেক তারকা খেলোয়াড়ই এখানে খেলছেন। বর্তমানে ক্রিকেট বিশ্বের সেরা খেলোয়াড় কোহলি। ব্যাট হাতে তার ধারাবাহিকতা দুর্দান্ত। তিনি দলের বিশেষ একজন খেলোয়াড়। যেকোন ম্যাচে একাই প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারেন তিনি। টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি দেখতে তা স্পষ্ট। কঠিন পরিস্থিতিতে নিজের সেরা ক্রিকেটাই খেলেন কোহলি।’
 
ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ে কিছুদিন আগে নিউজিল্যান্ড টি-২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব পান উইলিয়ামসন। এমন গুরু দায়িত্বটা মনোযোগ দিয়ে করতে চান তিনি। ম্যাককালামের কাছ থেকে যা শিখেছেন তাই বাস্তবে প্রয়োগ করার কথা বলনে উইলিয়ামসন, ‘অধিনায়ক হিসেবে দলকে দারুণভাবে পরিচালনা করেছে ম্যাককালাম। আমি সৌভাগ্যবান সামনে থেকে তার দক্ষতাগুলো শিখতে পেরেছিলাম। সত্যি ঐসময়গুলো ছিল ভিন্ন ধরনের এক অভিজ্ঞতা। ওয়ানডে বিশ্বকাপের স্মৃতিগুলো বেশ মনে আছে। ম্যাককালাম কিভাবে দলকে এক সুতোয় গেথেছিলেন। কিভাবে খেলোয়াড়দের কাছ থেকে পারফরমেন্স আদায় করেছিলেন। তার কাজগুলো ঠিক মতো করতে পারলে আমি অধিনায়ক হিসেবে সাফল্য পাব।’
 
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে উইলিয়ামসনের। এরপর গেল ৬ বছরে নিউজিল্যান্ডের হয়ে ৪৮ টেস্ট, ৯৩ ওয়ানডে ও ৩৫টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে ৪০৩৭, ওয়ানডেতে ৩৬৬৬ ও টি-২০তে ৯৬৭ রান করেছেন ২৫ বছর বয়সী উইলিয়ামসন। 
-বাসস