বাগেরহাটের কচুয়ায় প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে পান্তা-ইলিশ খেয়ে অন্তত ২৫ জন অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অন্তত ২৫ জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সংবাদকর্মী দিহিদার জাহিদুল ইসলাম বুলু জানান, উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে খাবারের তালিকায় পান্তা-ইলিশ, ডাল ভর্তা ও আলু ভর্তা ছিল। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর অবস্থার অবনতি হলে রাতেই হাসপাতালে ভর্তি হন।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রশিদ জানান, পহেলা বৈশাখের খাবারে কয়েক ধরনের ভর্তার ব্যবস্থা করা হয়। স্থানীয় একটি হোটেল ভর্তা সরবরাহ করে। ওই ভর্তা খেয়ে কয়েকজন অসুস্থ্ হয়ে পড়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
