ফরিদপুরে অস্ত্র-গুলিসহ আটক ১

আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৪:০৯
ফরিদপুর শহরতলীর ঝাউখোলা এলাকায় অভিযান চালিয়ে একটি শটগান ও ৩ রাউন্ড গুলিসহ মো. রবিউল ইসলাম রুবেল (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। রুবেল ওই গ্রামের ইছাহাক খানের ছেলে। 
 
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুল্লাহ আল হাসান জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে রুবেল অবৈধ অস্ত্রসহ বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে কোতয়ালী থানার ঝাউখোলা দক্ষিণ খা পাড়া’র বাড়ি থেকে রুবেলকে আটক করে। রুবেলের দেয়া তথ্য মতে বাড়ির গোয়াল ঘরের (গরুর ঘর) মাটির নিচে বিশেষ ভাবে রক্ষিত একটি দেশীয় তৈরি শটগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। 
 
র‌্যাব জানিয়েছে, আটক রুবেল দীর্ঘদিন ধরে নিজের কাছে অবৈধ অস্ত্র রেখে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। এই ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র‌্যাব।