সুন্দরবনে আগুন লাগানোর অভিযোগে ছয়জনকে আসামি করে মামলা করেছে বন বিভাগ। রবিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান মাহমুদ বাদী হয়ে বন আদালতে মামলাটি করেন বলে পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান।
পরে আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিয়ারুল ইসলাম আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বন কর্মকর্তা সাইদুল বলেন, গত ১৩ এপ্রিল সুন্দরবনে আগুন লাগার ঘটনা ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণ পেয়েছে বন বিভাগ। বর্ষা মৌসুমে মাছ ধরার সুবিধার্থে শুষ্ক মৌসুমে বনে আগুন দেয়া হয় এমন তথ্য প্রমাণ পেয়ে বন বিভাগ রবিবার বন আদালতে মামলাটি করেছে (বন মামলা নং ১২/২০১৫-১৬)।
আসামিরা সবাই বন সংলগ্ন বাগেরহাটে শরণখোলা উপজেলার উত্তর ও দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা বলে জানালেও গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তিনি।
ডিএফও মো. সাইদুল বলেন, ‘এর আগে সুন্দরবনে আগুন লাগলেও আমরা কখনও মামলা করিনি। কয়েকজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে এবারই প্রথম মামলা করা হল।’
