আফগানিস্তানে কুন্দুজ শহরের ওপর নিয়ন্ত্রণ রাখতে তালেবানের সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত বছর তালেবানের হাত থেকে শহরটি উদ্ধার করে আফগান বাহিনী। রয়টার্স জানিয়েছে কুন্দুজকে কেন্দ্র করে চলমান লড়াইয়ে বহু আক্রমণকারী নিহত হয়েছে।
কাবুল থেকে পশ্চিমা সমর্থক সরকারকে উৎখাত করতে হামলা জোরদার করার ঘোষণা দেয়ার পর পরই কুন্দুজের পুনর্দখলের চেষ্টা শুরু করে শত শত তালেবান। কুন্দুজ পুলিশ বলছে, ২৪ ঘণ্টার লড়াইয়ে অন্তত ৪৯ জন জঙ্গি নিহত ও ৬১ জন আহত হয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহত তালেবানের সংখ্যা ৩৮। লড়াইয়ে এখন পর্যন্ত চার জন পুলিশ মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
তালেবানের হাতে কুন্দুজের মত আস্ত একটি শহরের নিয়ন্ত্রণ চলে যাওয়াকে আফগান বাহিনীর বড় ধরনের ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। ২০১৪ সালে দেশটি থেকে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী চলে যাওয়ার পর থেকে স্থানীয় নিরাপত্তা বাহিনী দেশের নিরাপত্তায় কাজ করছে।
