কুমিল্লায় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক খুন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ২০:৫৩
কুমিল্লার বরুড়া উপজেলার ধনিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইব্রাহীম খলিলকে (৫৮) জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা করা হয়েছে।
 
রবিবার বিকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। সোমবার লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধনিশ্বর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মো. ইব্রাহিম খলিলের সাথে একই গ্রামের মৃত বসত আলীর ছেলে রমজান আলীর দীর্ঘদিন ধরে সম্পত্তির বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
 
রবিবার দুপুরে মো. ইব্রাহীম খলিল খবর পান তার সম্পত্তিতে প্রতিপক্ষরা খড়ের গাদা তৈরি করছেন। এতে ইব্রাহীম খলিল প্রাথমিক বিদ্যালয় হতে এসে তার বসত বাড়িসংলগ্ন বিরোধীয় ভূমিতে গিয়ে মৃত বসত আলীর ছেলে রমজান আলী (৫৫), আব্দুল বারেক (৬০), রমজান আলীর ছেলে হারুন (২০), আবদুল বারেকের ছেলে ইসরাফিলকে (২৪) খড়ের খাদা তৈরিতে বাঁধা দেন। এসময় তাকে তারা এলোপাতারী কিল, ঘুষি, লাথি মেরে মাটিতে ফেলে দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
 
বরুড়া থানার ওসি আসলাম সিকদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে তিনি জানিয়েছেন।