ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামে ছাগল চুরির অভিযোগে গণপিটুনিতে নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার আলামপুর ২নং কোলনি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সোমবার দিবাগত রাত তিনটার দিকে ওই গৌরিনাথপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে ছাগল চুরি করতে গিয়ে নুর ইসলাম ধরা পড়েন। এ সময় জনতার পিটুনিতে তিনি অচেতন হয়ে যান। তারা স্থানীয় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় চুরিসহ ৫/৬টি মামলা রয়েছে।
