পুঁজিবাজার ফের দরপতনের বৃত্তে আটকে গেছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় দরপতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন ডিএসইর সার্বিক মূল্য সূচক কমেছে ৩৩ পয়েন্ট। এ নিয়ে টানা তিন কর্মদিবস ডিএসইর সূচক নিম্নমুখী প্রবণতায় রয়েছে। বাজারের বেশিরভাগ কোম্পানিরই শেয়ারদর কমে গেছে। প্রায় ৬৭ শতাংশ কোম্পানিরই শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে।
ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টি কোম্পানির, দর কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইর সার্বিক সূচক ১০৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৪১৭ পয়েন্টে নেমে এসেছে।
এদিকে ডিএসইতে লেনদেন ৪০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। বাজারে লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৯৫ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৮৫ কোটি ৮৩ লাখ টাকা কম। আগের দিন বাজারে লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ৭৯ লাখ টাকা। লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে ওষুধ ও রসায়ন খাত। এ খাতে লেনদেন হয়েছে ৮৬ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের ২৫ শতাংশ। এছাড়া জ্বালানি খাতে লেনদেন হয়েছে ৬৪ কোটি ৭০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১৯ শতাংশ। এদিকে শেয়ার দর কমার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিল সিরামিকস খাত। এছাড়া জ্বালানি খাতের কোম্পানিগুলোর শেয়ারদর কমেছে ১ দশমিক ২ শতাংশ। আর বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ারদর কমেছে ১ দশমিক ১ শতাংশ।
