চুয়াডাঙ্গায় সোনার বার ও মোটরসাইকেলসহ চোরকারবারী আটক

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৬:৪২
 
চুয়াডাঙ্গা সীমান্তের ৬-বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর সীমান্ত চৌকির টহল দল আজ বুধবার  মোট ৬২০ গ্রাম ওজনের দুটি সোনার বার ও একটি মোটরসাইকেলসহ শফিউল আলম কাজল (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে।
 
জানা যায়, ঘটনার সময় আজ বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী নাস্তিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শফিউল নাস্তিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
 
শফিউল সাংবাদিকদেরকে জানান, সে সোনার বাহক। সোনার বার দুটি গেদে সীমান্তে পৌঁছাতে পারলে সে এক হাজার টাকা মজুরী পাবে। দর্শনার পুরাতন বাজারের জনৈক শরীফের কাছ থেকে নিয়ে তা সীমান্তের ওপারে গেদের গোপাল ঘোষের কাছে পাঠানো হচ্ছিল।
 
এদিকে, এই আটক বিষয়ে দুপুর সাড়ে ১২ টায় বিজিবি ব্যাটালিয়ন সদর দফতর চুয়াডাঙ্গায় বিজিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিজিবি-৬ এর পরিচালক মোহাম্মদ আমির মজিদ সাংবাদিকদের জানান, আটককৃত সোনা ও মোটরসাইকেলের মূল্য ৩৮ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।