ফেনীতে বৃদ্ধাকে বিবস্ত্র করে নির্যাতন : স্ত্রীসহ ডাকাত সর্দার আটক

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২১:২৯
ফেনীর সোনাগাজীতে বৃদ্ধাকে বিবস্ত্র করে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনে জড়িত অভিযোগে স্ত্রীসহ ডাকাত সর্দারকে আটক করেছে পুলিশ।
 
জানা গেছে, ফেনীর সোনাগাজী উপজেলার আদর্শ গ্রামে রবিবার দুপুরে ওহিদা বেগম নামে এক বৃদ্ধা বিবস্ত্র করে গাছের সাথে বেঁধে নির্যাতন করেছে ডাকাত সর্দার মোহাম্মদ সবুজ, তার স্ত্রী শাকেরা বেগম। তারা উভয়ই আদর্শ গ্রামের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। ঘরের সামনে লাকড়ি রাখাকে কেন্দ্র করে ওহিদা বেগমের ওপর এই নির্যাতন চালায় তারা । নির্যাতনের বিষয়টি ওহিলার ছেলে বেলাল হোসেন স্থানীয় গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিতভাবে অভিযোগ করলে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। দুইদিন পর মঙ্গলবার নির্যাতনের স্থির চিত্র (স্টিল ছবি) কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসলে ডাকাত সর্দার মোহাম্মদ সবুজ ও তার স্ত্রী শাকেরা বেগমকে আটক করে সোনাগাজী মডেল থানা পুলিশ। ডাকাত সর্দার সবুজ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। সে ফেনীর এই আশ্রয়ন প্রকল্পে দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বসবাস করছে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ৭টি ডাকাতির মামলা রয়েছে। ফেনীতে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষ।
 
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, আদর্শ গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়েরের ঘটনাটি তাকে সংশ্লিষ্ট পুলিশ অফিসার জানায়নি। পরে জানার পর অভিযুক্ত সবুজ ও তার স্ত্রী শাকেরা বেগমকে আটক করা হয়েছে।