ফেনীর সোনাগাজীতে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে বিবস্ত্র করে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে স্থানীয় প্রভাবশালী এক ডাকাত সর্দার। বিবস্ত্র করে পরনের কাপড় দিয়ে গাছে বেঁধে নির্যাতনের চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে স্ত্রীসহ ডাকাত সর্দারকে আটক করে পুলিশ।
ফেনী জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান বুধবার দুপুরে সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের আদর্শ গ্রাম আশ্রয়ন প্রকল্পে নির্যাতনের শিকার সেই বৃদ্ধার খোঁজ-খবর নিতে ঘটনাস্থলে যান। তিনি বলেন, এ ধরনের অন্যায়কে মেনে নেয়া হবে না। কঠিন থেকে কঠিনতম শাস্তি দেয়া হবে। প্রয়োজনীয় আইনগত সকল সহযোগিতা করা হবে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের আদর্শ গ্রাম আশ্রয়ন প্রকল্পে রবিবার দুপুরে ওহিদা বেগম নামে এক ষাটোর্ধ্ব নারীকে বিবস্ত্র করে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে ডাকাত সর্দার মোহাম্মদ সবুজ, তার স্ত্রী শাকেরা বেগম। তারা উভয়ই আদর্শ গ্রামের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। ঘরের সামনে লাকড়ি রাখাকে কেন্দ্র করে সবুজ ও তার স্ত্রী বৃদ্ধা ওহিদা বেগমের ওপর এই নির্যাতন চালায়। নির্যাতনের বিষয়টি নির্যাতিতার ছেলে বেলাল হোসেন স্থানীয় আদর্শ গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিতভাবে অভিযোগ করলে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। দুইদিন পর মঙ্গলবার নির্যাতনের স্থির চিত্র (স্টিল ছবি) কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে ডাকাত সর্দার মোহাম্মদ সবুজ ও তার স্ত্রী শাকেরা বেগমকে আটক করে সোনাগাজী মডেল থানা পুলিশ।
ডাকাত সর্দার সবুজ পার্শ¦বর্তী নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। সে ফেনীর এই আশ্রয়ন প্রকল্পে দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বসবাস করছে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ৭টি ডাকাতির মামলা রয়েছে। ফেনীতে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষ। তারা আরো বলেন, এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায় সরকার যেন সে ব্যবস্থা গ্রহণ করে।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, আদর্শ গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়েরের ঘটনাটি তাকে সংশ্লিষ্ট পুলিশ অফিসার জানায়নি। দেরিতে জানার পর অভিযুক্ত সবুজ ও তার স্ত্রী শাকেরা বেগমকে আটক করা হয়েছে।
ফেনী জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান বুধবার দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের আদর্শ গ্রাম আশ্রয়ন প্রকল্পে সেই বৃদ্ধার খোঁজ-খবর নিতে ঘটনাস্থলে ছুটে যান। এসময় তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।
