মজুরি বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে আন্দোলন করা নৌযান শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।
জনদুর্ভোগ কমাতে নৌ-ধর্মঘট প্রত্যাহারের জন্য এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছে তারা।
বৃহস্পতিবার জাতীয় কমিটির যুক্ত বিবৃতিতে সংগঠনের উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিবিদ মনজুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এসব দাবি করেন। তারা দ্রুত শ্রম মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয় ও নৌযান মালিকদের প্রতিও এই আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেছেন, যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের পণ্যবাহী জাহাজে কর্মরত শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি ৪ হাজার ১০০ টাকা; বর্তমান বাজারমূল্যে যা খুবই নগণ্য। নৌযান শ্রমিকরা তাদের মজুরি বাড়িয়ে ন্যূনতম ৮ হাজার ২৫০ টাকা করার যে দাবি তুলেছেন তা অত্যন্ত যুক্তিসঙ্গত।
এ ছাড়া নৌপথে চাঁদাবাজি বন্ধ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও নিয়োগপত্র প্রদানসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিও যৌক্তিক বলে মনে করে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। সুতরাং জনস্বার্থে এ সংকট নিরসনে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
