জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
শনিবার গভীর রাতে জীবননগরে দুজন প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল অভিযোগ করেন, ঘটনার রাতে পৌর এলাকার ২নং ওয়ার্ড নারায়ণপুর গ্রামে তার সুবলপুর মোড়ের নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এ সময় নারায়ারণপুর গ্রামের যুবলীগ কর্মী জাহিদুল ইসলাম তার প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর পক্ষ নিয়ে তাকে বিশ্রি ভাষায় গালাগাল করে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি অভিযোগ করেন- শনিবার গভীর রাতে বাঁকা ইউনিয়নের আলীপুর গ্রামে তার মোটর সাইকেল প্রতীকের ক্যাম্প ভাঙচুর করা হয়।
জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া রবিবার সকালে অগ্নিকাণ্ডে ভস্মীভূত নৌকা প্রতীকের ক্যাম্প পরিদর্শন করেন। তিনি বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
