সেবা খাতে বিনিয়োগে ঝোঁক বেশি, শিল্পে কম

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৭:০০
বিনিয়োগের ক্ষেত্রে উদ্যোক্তাদের ঝোঁক সেবা খাতে বেশি। সেই তুলনায় মাঝারি ও ভারী শিল্প খাতে বিনিয়োগের আগ্রহ খুবই কম। অর্থনীতিবিদরা মনে করেন, শিল্পে বিনিয়োগ কমার কারণ হলো দেশের বর্তমান বিনিয়োগ পরিবেশ। গত এক দেড় বছর আগেও দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল। এখন সেটি না থাকলেও বিনিয়োগ পরিবেশের আশানুরূপ উন্নতি হয়নি। তাই তারা বিনিয়োগ করতে ভয় পান।
 
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তথ্যে দেখা গেছে, ২০১০ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত ৫ বছরে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট কোম্পানি ৬৩ হাজার ৯৩১ কোটি টাকার পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমতি নিয়েছে। এরমধ্যে সেবা খাতের আর্থিক ও শেয়ারবাজার সংশ্লিষ্ট কোম্পানির অংশ প্রায় ৪৪ শতাংশ। আর আর্থিক খাত ছাড়া সেবা খাতের অন্য কোম্পানিগুলোর অংশ ২৪ শতাংশ। অর্থাত্ সেবা খাতেই বিনিয়োগ হয়েছে ৬৮ শতাংশ। 
 
এছাড়া ভারী শিল্পসহ অন্যান্য শিল্পে সাড়ে ১৭ শতাংশ, জ্বালানি ও বিদ্যুত্ খাতে ৮ শতাংশ, বস্ত্র ও তৈরি পোশাক শিল্পে মূলধন বেড়েছে সাড়ে ৬ শতাংশ। বিএসইসির সূত্র বলছে, কোম্পানিগুলো মূলধন বাড়ানোর অর্থই হলো বিনিয়োগ বাড়ানো। কারণ বিনিয়োগ বাড়াতেই কোম্পানিগুলো মূলধন বাড়ানোর অনুমোদন নেয়।
 
অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্প উন্নয়ন খুব জরুরি। কারণ এ খাতের মাধ্যমে বেশি কর্মসংস্থান তৈরি হয়। আর আমাদের জিডিপি অনেকটাই সেবা নির্ভর হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে আগামীতে উচ্চ জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হবে না। এ প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগের  (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, চলতি অর্থবছরে যে জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে তাতে সেবা খাতের ভূমিকাই বেশি। কিন্তু উচ্চ প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থানমুখী প্রবৃদ্ধির জন্য উত্পাদনমুখী শিল্প খাতকে ত্বরান্বিত করতে হবে। তাই অবকাঠামো উন্নয়নে জোর দেয়ার পরামর্শ এ অর্থনীতিবিদের।
 
মাঝারি ও ভারী শিল্প খাতে বিনিয়োগের আগ্রহ কম থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে উদ্যোক্তারা বলেন, সেবা খাতের জন্য গ্যাস ও বিদ্যুত্সহ অবকাঠামোর খুব বেশি প্রয়োজন হয় না। কিন্তু মাঝারি ও ভারী শিল্পের জন্য অবকাঠামোর উন্নত পরিস্থিতি প্রাথমিক শর্ত। অথচ বর্তমানে শিল্পে গ্যাসের সংযোগ দেয়া একরকম বন্ধই আছে। আর বিদ্যুতের লাইন পেতে নানা সমস্যা পোহাতে হয়। এরপর বিদ্যুতের লাইন পাওয়া গেলেও মানসম্মত বিদ্যুত্ পাওয়া যায় না। 
 
সরকার অনেকদিন ধরেই নিরবচ্ছিন্ন বিদ্যুত্ দিবে বলছে, কিন্তু শিল্প উদ্যোক্তারা এখনও তা পাননি। ফলে শিল্প খাতে বিনিয়োগের ভরসা পাচ্ছেন না উদ্যোক্তারা। বর্তমানে বিনিয়োগের ক্ষেত্রে অর্থের কোনো কমতি নেই। ব্যাংকগুলোতে যথেষ্ট পরিমাণে তারল্য রয়েছে। ঋণের সুদও আগের তুলনায় কমেছে। এরপরও শিল্পে বিনিয়োগ বাড়ছে না। এ অবস্থায় রাজনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তার পাশাপাশি অবকাঠামো বিশেষ করে মানসম্মত বিদ্যুতের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
 
অর্থনীতিবিদ ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, শিল্পায়নের জন্য যে ধরনের অবকাঠামো দরকার আমাদের দেশে তার অভাব রয়েছে। উদ্যোক্তারা চাহিদা অনুযায়ী জমি পান না। গ্যাস-বিদ্যুতের (মানসম্মত বিদ্যুত্) সংকটও রয়েছে। তারমধ্যে প্রাকৃতিক গ্যাসের মজুদ ফুরিয়ে আসছে। এসব কারণে শিল্পে বিনিয়োগ কম হচ্ছে। তবে সরকার রাস্তাঘাট নির্মাণ করছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছে। এসবের মাধ্যমে উদ্যোক্তাদের বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে সরকার। তবে বাংলাদেশে শিল্পায়নের জন্য যাতায়াত ব্যবস্থার উন্নতি করতে হবে। এতে সারাদেশে শিল্পায়নের সুযোগ হবে। আর যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য সরকারকে নৌ-পথ উন্নয়নের পরামর্শ দেন এ অর্থনীতিবিদ।