সখীপুরে প্রেমিককে বেঁধে প্রেমিকা গণধর্ষণের ঘটনায় মামলা, গ্রেফতার এক

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৩৬

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সখীপুরে প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণের ঘটনায় রবিবার থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিত কিশোরীর বাবা সখীপুর থানায় মামলাটি করেছেন। পুলিশ জালাল উদ্দিন নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে।

মামলাসূত্রে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১১ মার্চ বিকালে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের দক্ষিণ ঘাটেশ্বরী গ্রামের সাদ্দাম হোসেন, তার বন্ধু আশরাফুল, জালাল উদ্দিন, নজরুল ইসলাম ও আফাজ উদ্দিন ওই কিশোরী তার প্রেমিককে হাত-মুখ বেঁধে পাশের একটি বনে নিয়ে যায়। এরপর ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে সাদ্দাম, আশরাফুল ও জালাল ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণ করে।

স্থানীয় ইউপি সদস্য হিরো তালুকদার বলেন, এর সঙ্গে জড়িতরা এলাকার চিহ্নিত বখাটে।

ওই কিশোরীর বাবা বলেন, মেয়েটার সর্বনাশ যারা করলো আমি তাদের উপযুক্ত শাস্তি চাই।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার আইও এএইচএম লুত্ফুল কবির বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ভিডিও ধারণ করা মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ মাঠে নেমেছে।