মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় হামলায় বাধা দিতে গিয়ে মারপিটে সুশান্ত চন্দ্র সরকার (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় নিহতের মামা মন্টু চন্দ্র সরকার (৩৫) আহত হয়েছেন। সুশান্ত ওই গ্রামের মৃত কৃষ্ণপদ সরকারের ছেলে।
এ ঘটনায় মামলা হয়েছে।
জানা গেছে, উপজেলার হরগজ চরপাড়া গ্রামে মন্টু চন্দ্র সরকার একই গ্রামের কমল চন্দ্র সরকারকে দুই হাজার টাকা ধার দেয়। বৃহস্পতিবার রাত আটটার দিকে ওমর আলীর চায়ের দোকানে মন্টু চন্দ্র সরকারের কাছে আবারো টাকা ধার চায় কমল চন্দ্র সরকার। এ নিয়ে বাক্বিতণ্ডার এক পর্যায়ে মন্টুকে কিলঘুষি দেন কমল। এ সময় স্থানীয়রা তাদেরকে শান্ত করেন। এর পরপরই কমল, বিমল, শ্যামল, পরেশ ও সাগর লোহার রড এবং লাঠিসোঁঠা নিয়ে মন্টুর বাড়ি হামলা চালায়। এ সময় মন্টুর ভাগিনা সুশান্ত চন্দ্র সরকার বাধা দিলে হামলাকারীরা তাকেও মারপিট করেন। হামলাকারীরা মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী সুশান্ত ও মন্টু চন্দ্রকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সুশান্তকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মামা জন্টু চন্দ্র সরকার বাদী হয়ে মামলা করেছেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, আসামিদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
