চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে বিশৃঙ্খলার কারণে চারটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো হলো, বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লোহাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক নওয়াব আলী উচ্চ বিদ্যালয়, আষ্টা মহামায়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও চরদুখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব এখলাছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
স্থগিত হওয়া এসব কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ ও দুই আনসার সদস্যহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
জানা গেছে, শনিবার উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লোহাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য প্রার্থীর সমর্থকদের গুলিতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আহত পুলিশ কনস্টেবল হাসান তারেককে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
এছাড়া ককটেল নিক্ষেপ, জাল ভোট প্রদান ও কেন্দ্র দখলের মত অনিয়মে বাকি তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, তৃতীয় ধাপে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ও হাজীগঞ্জ উপজেলার ১১টিসহ মোট ২৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।
