২৭ এপ্রিল থেকে জাতীয় নাট্যশালায় নৃত্যাঞ্চল উত্সব

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৫:৫৩
 
আগামী ২৭, ২৮ ও ২৯ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ও নন্দন মঞ্চে নৃত্যাঞ্চল উত্সব অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা সাতটায় এই উত্সব শুরু হবে। শনিবার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে নৃত্যাঞ্চল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলা হয়।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নৃত্যাঞ্চলের পরিচালক শিবলী মোহাম্মদ । এসময় উপস্থিত ছিলেন নৃত্যাঞ্চলের অপর পরিচালক শামীম আরা নিপা ও সমন্বয়কারী মুহাম্মদ জাহাঙ্গীর।
 
অনুষ্ঠানে উদ্বোধন করবেন ভারতের কিংবদন্তী ভরতনাট্যম শিল্পী নৃত্যগুরু লীলা স্যামসন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। এতে বিশেষ অতিথি থাকবেন দেশের প্রখ্যাত চিত্রশিল্পী ও সফল কোরিওগ্রাফার মুস্তফা মনোয়ার।
 
উত্সবের কর্মসূচির মধ্যে রয়েছে, প্রথম দিনে নৃত্যাঞ্চল গ্রুপ ও নৃত্যাঞ্চল স্কুলের প্রায় ২৫০ জন নৃত্যশিল্পী ও ছাত্রছাত্রীর কত্থক নৃত্য প্রদর্শন। কথ্যক নৃত্য পরিচালনা করবেন শিবলী মোহাম্মদ।
 
দ্বিতীয় দিনে নৃত্যাঞ্চল ও সৃষ্টি কালচারাল সেন্টার যৌথভাবে ইতিহাসখ্যাত কাহিনী ‘আলীবাবা ও চল্লিশ চোর’ অবলম্বনে নৃত্যনাট্য ‘বাদী-বান্দার রূপকথা’ অনুষ্ঠিত হবে। নৃত্য ভাবনা ও পরিচালনা সুকল্যাণ ভট্টচার্য। প্রধান ভুমিকায় থাকবেন শিবলী মোহাম্মদ ,শামীম আরা নীপা প্রমুখ। এছাড়া নৃত্যাঞ্চল ও সৃষ্টি কালচারাল সেন্টারের প্রায় ৮০ জন শিল্পী নৃত্যনাট্যে অংশগ্রহণ করবেন।
 
তৃতীয় ও শেষদিনে বিশ্ব নৃত্য দিবস উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত বিশেষ শিশুদের নৃত্যানুষ্ঠান। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্কুল ও সংগঠনের প্রায় ২৫ জন ছাত্র ছাত্রী নৃত্যে অংশ নেবে।
 
নৃত্যগুরু রাহিজা খানম ঝুনুকে অনুষ্ঠানে সম্মাননা দেয়া হবে।
 
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শিবলী বলেন, উত্সবে প্রায় ১৫ লাখ টাকা খরচ হবে। স্পন্সরের সহায়তা, স্মরণিকার বিজ্ঞাপন ও টিকিট বিক্রির মাধ্যমে এই টাকা সংগ্রহ করার পরিকল্পনা নেয়া হয়েছে। -বাসস।