তুরস্ক-সিরিয়া সীমান্তে যাচ্ছেন অ্যাঙ্গেলা মের্কেল

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২১:২৬
অভিবাসন চুক্তির সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে তুরস্ক-সিরিয়া সীমান্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্মকর্তারা।
 
শরণার্থী বিষয়ে ইইউ-তুরস্ক চুক্তির আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই নেতারা এ সফর করছেন। চুক্তি অনুযায়ী যে সব শরণার্থী গ্রিসে রাজনৈতিক আশ্রয় পাওয়ার যোগ্য নয়, তাদেরকে তুরস্কে ফেরত পাঠানো হবে।
 
যদিও মানবাধিকার গ্রুপগুলো বলছে, ফেরত পাঠানো শরণার্থীদের জন্য তুরস্ক নিরাপদ জায়গা নয়।
 
অন্যদিকে তুরস্কের কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত ইইউর দাবি পূরণ না হলে চুক্তি ভেস্তে যেতে পারে। চুক্তিতে এও বলা হয়েছে, ভিসামুক্ত ইইউ সুবিধা পেতে হলে আগামী ৪ মের মধ্যে তুরস্ককে ৭২টি শর্ত পূরণ করতে হবে। কিন্তু কূটনীতিকরা বলছেন, এ পর্যন্ত মাত্র অর্ধেক শর্ত পূরণ হয়েছে।
 
এদিকে ইউরোপীয় কাউন্সিল সভাপতি ডোনাল্ড টাস্ক ও ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টকে ফ্রান্স টিমেরম্যান্সকে সঙ্গে নিয়ে জার্মান চ্যান্সেলর মের্কেল সিরীয় সীমান্তের কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানটেপ শহরের একটি শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এ ছাড়া সফরকালে তিনি তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলুর সঙ্গেও বৈঠক করবেন।
 
মের্কেল এমন এক সময়ে তুরস্ক সফর করছেন যখন তিনি নিজ দেশেই অভিবাসন নীতি নিয়ে বিরোধী দলের তোপের মুখে রয়েছেন এবং ইউরোপেরও বেশকিছু অংশীদারের চরম বিরোধিতার মুখেও তুরস্কের সঙ্গে চুক্তির পক্ষে সাফাই গাইছেন। সূত্র: বিবিসি