আশুলিয়ায় পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১২:১৬
 
সাভারের আশুলিয়ায় সীমা (২২) নামের এক পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা করা হয়েছে। রবিবার ভোরে আশুলিয়ার জিরাবো এলাকার বাবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
 
নিহত সীমা আক্তার পাবনার ফরিদপুর থানার বিয়ালবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি জিরাবো এলাকার ‘টি ডিজাইন গার্মেন্ট’ নামের পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।
 
পুলিশ জানায়, নিজ ঘরে সীমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন তার স্বামী রেজাউল। পরে সকালে ঘরের মধ্যে প্রতিবেশীরা তার লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
 
পুলিশের দাবি, স্বামী রেজাউল ধারালো অস্ত্র দিয়ে সীমাকে হত্যা করেছেন। তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
 
আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।