চৌগাছায় বাস চালকের বিরুদ্ধে যাত্রী লাঞ্ছিতের অভিযোগ

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৮:০৮

যশোরের চৌগাছায় বাসে না চড়ে সহোদরের ভ্যানে চড়ে হাসপাতালে যাওয়ার অপরাধে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারপিট করার অভিযোগ উঠেছে বাস চালক ও সুপারভাইজারের বিরুদ্ধে। বুধবার দুপুরে যশোরের চৌগাছা শহরের কপোতাক্ষ ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের কন্যা ৮ মাসের অন্তঃসত্ত্বা শাহানাজ বেগম, তার মা ফেরদৌসি বেগম ও খালা পারুল বেগম শাহানাজের ভাই ফিরোজ হোসেনের ভ্যানে চড়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। তারা পুড়াপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সেখানে অবস্থানরত যশোর-ব- ১১-০১৪০ নম্বর বাসের চালক শাহাজান আলী ও তার সহকারীরা তাদের আটকিয়ে বলে ভ্যানে চড়ে যাওয়া যাবে না। বাসে চড়ে যেতে হবে।  রোগী রয়েছে আমরা হাসপাতালে যাচ্ছি, বলে চৌগাছার উদ্দেশ্যে রওনা দেন ভ্যানের চালক ফিরোজ।

অন্তঃসত্ত্বা নারী বহনকারী ভ্যানটি চৌগাছা শহরের কপোতাক্ষ ব্রিজের উপর পৌঁছালে পেছন থেকে যশোর-ব- ১১-০১৪০ নম্বরধারী বাসটি ব্রিজের ওপরে ভ্যানটিকে আটকে দিয়ে চালক শাহাজান আলী ও সুপারভাইজার বাস থেকে নেমে ভ্যানের চালক ও অন্তঃসত্ত্বা শাহানাজ বেগমের ভাই ফিরোজকে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় অন্তঃসত্ত্বা শাহানাজ তাকে মারতে নিষেধ করলে ড্রাইভার শাহাজান ওই নারীকেও চড়-থাপ্পড় মারে। তাদের মারপিটে অন্তঃসত্ত্বা  ওই নারী ভ্যানের পর চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাদের মারপিটের কবল থেকে উদ্ধার করে। অন্তঃসত্ত্বাকে মারপিটের ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়লে চালক ও তার সহকারীরা বাসটি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনাস্থল থেকে ওই নারী তার মা-খালা ও ভাইকে নিয়ে কান্নাকাটি করতে করতে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলমের দপ্তরে যান। সরকারি ছুটি থাকায় ইউএনওকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তিনি তাদের বলেন আমি এখনি বিষয়টি দেখছি। এরপর ওই নারীর পরিবার চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন।

অন্তঃসত্ত্বা নারীকে মারপিট করলে কি ধরণের ক্ষতি হতে পারে জানতে চাইলে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডা. সুব্রত কুমার বাগচী বলেন সমস্যা তো হবেই। এসব ক্ষেত্রে সাধারণত সাইকোলজিক্যাল ট্রমায় গর্ভের শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়ে থাকেন।

এ বিষয়ে চালক শাহাজান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা ২০ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে রাস্তায় চালাচ্ছি। তারা বাসে না চড়ে ভ্যানে চড়ার কারণে তাদের মারপিট করেছি। আপনি যাত্রীকে মারতে পারেন কিনা প্রশ্নে শাহাজান কোন উত্তর দেন নি।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার আলমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি অবশ্যই দেখব।

ইত্তেফাক/বিএএফ