খুলনার জুই আইসবার ও নিউ দোলা আইসবার নামে দুটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই কারখানা থেকে আনুমানিক ১৫০০ পিস রং মিশ্রিত আইসক্রিম জব্দ ও ধ্বংস করা হয় ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, নগরীর জিরো পয়েন্ট ও কাসিমনগর এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিম তৈরি, ক্ষতিকার রং মেশানো ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জুই আইসবারের কাছ থেকে ১৫ হাজার ও নিউ দোলা আইসবারের কাছ থেকে ৩০ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
