ইত্তেফাক রিপোর্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যের সন্তানদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় সাগর-রুনী মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনারারি অধ্যাপক সৈয়দ আবুল বার্ক আল্ভী।
প্রধান অতিথি অধ্যাপক সৈয়দ আবুল বার্ক আল্ভী বলেন, শিশুরা দেখে কোনো কিছু অঙ্কন করার চেয়ে নিজের মন থেকে যা কিছু মনে হবে সেটি অঙ্কন করতে হবে। তোমাদের এই অঙ্কনের মধ্য দিয়ে পরবর্তী জাতির পরিচয় বহন করবে।
প্রতিযোগিতায় বিচারকমণ্ডলী ছিলেন চিত্রশিল্পী অভিজিত্ চৌধুরী, চিত্রশিল্পী এম এ কুদ্দুস ও চিত্রশিল্পী আনিসুজ্জামান সোহেল। প্রতিযোগিতায় বয়স ভিত্তিক ‘ক’ বিভাগে ৩৫ জন এবং ‘খ’ বিভাগে ১৫ জন শিশু অংশ নেয়। ‘ক’ বিভাগে প্রথম হয়েছে আকসা (পিতা- আয়নাল হোসেন), দ্বিতীয় হয়েছে অংকুর রায় (পিতা- অমরেশ রায়), তৃতীয় হয়েছে আরিশা আরিয়ানা (পিতা-আলাউদ্দিন আরিফ) এবং ‘খ’ বিভাগে প্রথম হয়েছে নুসাইবা জারিন লামিয়া (পিতা- মোঃ রহিম উদ্দিন), দ্বিতীয় হয়েছে নাফিসা রাইয়ান কবীর ভিন্নতা (পিতা-এনামুল কবীর রূপম), তৃতীয় হয়েছে নূর সাহিফা শৈলী (পিতা- কাফি কামাল)।
